২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হরতালে ভাংচুর-আগুন

লাগাতার অবরোধের মধ্যে ফেনীতে বিএনপির একটি অঙ্গসংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে যানবাহনে ভাংচুর ও আগুন দিয়েছে পিকেটাররা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 06:12 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার সকালে শহরের বড় বাজারের আন্দির পুকুর এলাকায় তাকিয়া রোডে মালবোঝাই একটি ট্রাকে ভাংচুর এবং পাশে থাকা একটি অটোরিকশা আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ট্রাক মালিক ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন বাবুল বলেন, ১৯ জানুয়ারি শহরের বড় পাইকারি বাজারে ট্রাক ভাংচুরের ঘটনায় বাবু নামে এক পিকেটারকে তিনি পুলিশে ধরিয়ে দিয়েছিলেন।

“এর জেরে সকালে বাবুর সহকর্মী পিকেটাররা তাকিয়া রোডে তার মালবোঝাই ওই ট্রাকে ভাংচুর করে এবং ট্রাকের পাশে থাকা একটি অটোরিকশায় আগুন দেয়," বলেন তিনি।

এছাড়া শহরের আর কোথাও কোনো ধরনের নাশকাতা এবং হরতাল সমর্থনে কোথাও কাউকে মিছিল করতে দেখা যায়নি বলে জানিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা, ব্যাটারি চালিত টমটম ও রিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলাচল করেনি। ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। শহরের অনেক দোকান পাট খোলা ছিল।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে পুলিশ র‌্যাব ও বিজিবির কড়া পাহারায় দূরপাল্লার বাস, ট্রাক ও কভার্ডভ্যান চলাচল করেছে। নাশকতা প্রতিরোধে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন ছিল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক।

২০ দলীয় জোটের নেতকর্মীদের 'গুম', 'খুন', 'মিথ্যা মামলা' ও গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ফেনী জেলা শাখা এ হরতাল আহ্বান করে।