২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে গাজীপুরে লেগুনা ভস্মীভূত

অবরোধে হরতাল চলাকালে গাজীপুরে একটি যাত্রীবাহী লেগুনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 04:45 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর শিববাড়ি এলাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ অগ্নিসংযোগের কথা বললেও গাড়ি চালকের দাবি, পেট্রোল বোমা মারা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা  জানান, বেলা ১টার দিকে শিববাড়ি এলাকা  থেকে যাত্রী নিয়ে চান্দনা-চৌরাস্তা যাচ্ছিল লেগুনাটি। তিন সড়ক এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত  সামনে থেকে ইট-পাটকেল ছুড়তে থাকলে চালক গাড়ি থামিয়ে নেমে যান।

এ সময় তারা লেগুনায় আগুন ধরিয়ে দেয়।

যাত্রীরা গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনাস্থল  থেকে নিজাম উদ্দিন (১৮), সাইফুল ইসলাম (৩০) ও শিব দেবকে (৩১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

লেগুনার চালক হাবিবুর রহমান বলেন, স্থানীয় ইন্ট্রামেক্স কারখানার গলি দিয়ে এসে ১৫-১৬ জন যুবক হঠাৎ করে লেগুনার সামনে থেকে ইট-পাটকেল ও পেট্রোলবোমা ছুড়লে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় তারা দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ আহত হননি।

অবরোধের মধ্যেই বুধবার থেকে ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।