জবি উপাচার্যের কার্যালয়ের সামনে বিস্ফোরণ
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘটের শেষ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে হাতবোমা ফাটানো হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসান জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপাচার্যের কার্যালয় ভবনের প্রধান ফটকের সামনে একটি বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হননি।
কারা হাতবোমা ফাটিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাসান।
পরপর দুটি হাতবোমা বিস্ফোরণের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য নির্ধারিত অবকাশ ভবন সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে নাশকতা এড়াতে ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নিরাপত্তার জন্য অবকাশ ভবন সিলগালা করা হয়েছে।”
এর আগে ধর্মঘটের প্রথম দিন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি ভবন ও বিভাগের মূল ফটকের তালা ‘সুপার গ্লু’ দিয়ে আটকে দেওয়ার ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে দেওয়া হয় শিক্ষকদের একটি বাস।
নেতা-কর্মীদের ‘গুম, খুন, গ্রেপ্তার ও শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস,চাঁদাবাজি ও দখলদারিত্বের’ প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধর্মঘট করছে ছাত্রদল।
