লালবাগে বিস্ফোরণ: বাপ্পীর বিরুদ্ধে মামলা
রাজধানীর লালবাগের একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ, যাতে মূল আসামি করা হয়েছে ওই ঘটনায় নিহত ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বাপ্পীকে।
বুধবার রাতেই লালবাগ থানার এস আই রবিন রহমান বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলা করেন বলে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।
পুলিশ বলছে, বুধবার দুপুরে ভগ্নিপতির বাড়িতে বসে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত হন নিউ মার্কেট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাপ্পী, তার ভাগ্নি হ্যাপী ও এক প্রতিবেশীর ছেলে রিপন।
রাতে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার ভোরে মারা যান বাপ্পী।
ওসি মনিরুজ্জামান বলেন, মামলায় বাপ্পীর সঙ্গে তার বোন ঝুমুর ও ভগ্নিপতি আবদুল হাকিমসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, ঝুমুরসহ নয়জনকে ঘটনার পর আটকের কথা বলা হলেও হাকিম পলাতক আছেন। ঝুমুরকে এ মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে।
