২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে দুই দফা হাতবোমা বিস্ফোরণ, রিকশা চালক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাশে হাকিম চত্বর এবং শহীদ মিনার এলাকায় দুই দফায় অন্তত পাঁচটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 01:04 AM

Updated : 22 Aug 2022, 11:32 AM

এতে একজন রিকশা চালখ আহত হয়েছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (তদন্ত) এ কে সাইদুল হক ভূঁইয়া।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে ককটেল বিস্ফোরণের এসব ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ৮টার দিকে শহীদ মিনার এলাকায় পর পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সালাউদ্দীন (২৫) নামে এক রিকশা চালক আহত হন।

সালাউদ্দীন কামরাঙ্গীর চর এলাকায় থাকেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সালাউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিকশা নিয়ে শহীদ মিনার এলাকায় দাঁড়িয়ে আছি। এ সময় হঠাৎ আমার ডান পাশে পর পর দুটি এবং বাম পাশে পায়ের কাছে একটি বোমা বিস্ফেরিত হয়। এতে আমার বাম পায়ে আঘাত পাই।”

এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাকিম চত্বরে পররপর দুই ককটেল বিস্ফোরিত হয় বলে জানান এসআই সাইদুল।