২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের প্লট দেওয়ার পরিকল্পনা নেই: গৃহায়ণ মন্ত্রী

সংসদ সদস্যদের আপাতত সরকারিভাবে প্লট দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 11:18 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

Image
জাতীয় সংসদের ফাইল ছবি

জাতীয় সংসদের ফাইল ছবি

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ছবি বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজউকের বিভিন্ন আবাসিক প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে সাংসদদের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

“বর্তমানে রাজউকের নতুন কোনো আবাসিক প্রকল্প গ্রহণের পরিকল্পনা নেই। সেজন্য সাংসদদের প্লট বরাদ্দ দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।”

রাজউকের একাধিক প্রকল্পে ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এসব প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন চাওয়া হলে তাতে সাংসদেরা আবেদন করতে পারবেন।

এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে রাজউক নিবন্ধিত হাউজিং সোসাইটির সংখ্যা ১২৯টি।

নিবন্ধন ছাড়া কেউ আবাসন ব্যবস্থা চালালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।