২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইবার, হোয়াটস অ্যাপ বন্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভাইবার, হোয়াটস অ্যাপের মতো কয়েকটি মেসেজিং অ্যাপ্লিকেশন বন্ধ করার সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোশ্যাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

ব্যবহারকারীরা বলছেন, পূর্বঘোষণা ছাড়া এমন সিদ্ধান্ত সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার নীতিবিরুদ্ধ।   

রোববার ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করে টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর পরদিন হোয়াটস অ্যাপসহ আরও তিনটি অ্যাপস বন্ধ করে দেওয়া হয়।

অ্যাপস বন্ধের পক্ষে যুক্তি দিয়ে বলা হয়, অবরোধের মধ্যে এসব ব্যবহার করে নাশকতার পরিকল্পনা সহজেই ছড়িয়ে দেওয়া যায়; ব্যবহারকারীর অবস্থান নির্ণয়ও সম্ভব হয় না।

এর পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে এ সিদ্ধান্তের সমালোচনায় সরব দেখা যায় অনেককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদনেও পাঠকরা সমালোচনা করে মন্তব্য দিয়েছেন।

‘সানজিদা করিম’ নামে একজন পাঠক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক ফ্যান পেইজে সংশ্লিষ্ট খবরের প্রতিক্রিয়ায় লিখেছেন: ‘নিরাপত্তা কারণ, নাকি রাজনীতি।’

‘রাজ আহমেদ’ নামে একজন ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার সরকারি অঙ্গীকারকে কটাক্ষ করে লেখেছেন: ‘আওয়ামী ডিজিটালাইজেশনের প্রতীক।’

‘একটা একটা করে বন্ধ করার কি দরকার, অযথা সময় নষ্ট। ট্রাক-তান্ত্রিক-সরকারের উচিত হবে সবার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে একটা করে পায়রা ধরিয়ে দেওয়া। অনেক ডিজিটাল হইছোস এইবার আসমানের ঠিকানায় চিঠি লেখ’, লেখেছেন মিরাজ রায়হান নামে একজন পাঠক।

‘আব্দুল আজিম’ নামে একজন প্রতিক্রিয়ায় বলেছেন: ‘নিজে আন ডিজিটাল হয়ে ডিজিটাল ঘোষণা করাটা বিয়ে না করে সন্তানের আশা করা। বাংলাদেশে পাগলের সংখ্যা তিনশ জন।’

কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন এই অ্যাপসগুলো পুনরায় চালুর বিষয় নিয়ে।

‘অপূর্ব দুপুর’ নামে একজন লেখেছেন, ‘এইটা কি আর কখনো চালু হবে না? আর তারা এইভাবে ডিজিটাল বাংলাদেশ করবে?’

তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারও মনে করেন, আগে থেকে কোনরকম বিজ্ঞপ্তি না দিয়ে হঠাৎ করে এসব অ্যাপস বন্ধ করা উচিৎ হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তার কাছে জানতে চেয়েছিল- সরকারের এ সিদ্ধান্তকে তিনি কিভাবে দেখছেন।

জবাবে তিনি বলেন, “সারা বিশ্বে এ প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে সেখানে নিরাপত্তার কারণ দেখিয়ে এটি বন্ধ করে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত। এটা তো মানুষের অধিকারে হস্তক্ষেপ করা।”

মোস্তফা জব্বার বলেন, “এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি আসলেই এগুলো বন্ধ করতে পেরেছে? নাকি কিছু মানুষের জন্য এটি ব্যাবহার কঠিন করেছে। মানুষ কিন্তু ঠিকই এগুলো ব্যাবহার করতে পারছে।”

এ ধরনের প্রযুক্তি বন্ধ না করে দিয়ে বরং সংশ্লিষ্টদের প্রযুক্তি প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ দেন তিনি।

এদিকে কবে নাগাদ এসব সেবা পুনরায় চালু হবে এ বিষয়ে কোন স্পষ্ট বক্তব্য মেলেনি বিটিআরসির পক্ষ থেকেও।

একাধিক আইআইজি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এসব অ্যাপ্লিকেশন বন্ধ রাখার নির্দেশনা পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসি একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত সেবাগুলো বন্ধ রাখার কথা, তবে এ সময় বৃদ্ধি করা হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি।”

বাংলাদেশে থ্রিজি সেবা শুরু হওয়ার পর এসব অ্যাপ্লিকেশনের ব্যপক হারে ব্যবহার শুরু হয়। ইন্টারনেটনির্ভর এ সেবাগুলো ছিল অনেকটাই খরচহীন।

পুরনো খবর:

এবার বন্ধ হোয়াটস অ্যাপ, মাইপিপল, লাইন
বাংলাদেশে বন্ধ ভাইবার ও ট্যাঙ্গো