ফেনীতে বৃহস্পতিবার হরতাল
যৌথ বহিনীর অভিযানে সাইবার ইউজার দলের নেতাসহ বিএনপি ও জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ফেনীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সাইবার ইউজার দল।
জেলা সাইবার ইউজার দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে গুম, হত্যা, নির্যাতন ও জেলা সাইবার ইউজার দলের আহবায়ক শরিফুল ইসলাম রাসেলকে গ্রেপ্তারের ঘটনায় বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালায়।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রদল নেতা ও জেলা সাইবার ইউজার দলের আহবায়ক শরিফুল ইসলাম রাসেল, শিবিরকর্মী মাইন উদ্দিন, আফতাব উদ্দিন ও জামায়াতকর্মী মোহাম্মদ শহীদ উল্যাহসহ ১২ নেতাকর্মীকে আটক করা হয়।
পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়।
এদিকে, চট্টগ্রাম বিভাগে টানা ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিন ফেনীতে কোনো মিছিল-মিটিং পিকেটিং হয়নি। শহরের যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, অবরোধের পাশাপাশি হরতালেও মহাসড়কে যান চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব-পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক বিজিবির সদস্য মহাসড়কে টহলে রয়েছে।
