২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতাকারীকে ধরিয়ে দিতে মাগুরায় পুলিশের মাইকিং

হরতাল-অবরোধে সহিংসতাকারীকে হাতেনাতে ধরিয়ে দিলে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ঘোষণা দিয়েছে মাগুরা জেলা পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 04:11 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

স্বারষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বুধবার সকাল থেকে শহরসহ চার উপজেলায় পুলিশ মাইকে এ ঘোষণা প্রচার করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জিহাদুল কবির।

মাইকে ঘোষণা করা হয়, যেহেতু সহিংসতাকারীরা বোমাবাজি, হামলা, ভাংচুরের মাধ্যমে রাষ্ট্র ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে, তাই তাদের প্রতিহত করতে সকলের এগিয়ে আসা উচিত।

যারা একাজে পুলিশকে সহযোগিতা করবে, বিশেষ করে সহিংসতাকারীদের হাতে নাতে ধরিয়ে দেবে, প্রতিটি সাহসী কাজের জন্য প্রত্যককে পুলিশ এক লাখ টাকা পুরস্কার দেবে।

এ ব্যাপারে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তারই আলোকে চার উপজেলায় এ ধরনের ঘোষণা দেওয়া হয়।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতায় মাগুরার পরিস্থিতি এখনো পর্যন্ত যথেষ্ট ভালো। পাশাপাশি এ ঘোষণা সেখানে ইতিবচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, সহিংসতাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।