২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় শিক্ষক সমিতিতে প্রগতিশীল সমাজ জয়ী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 08:29 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

মঙ্গলবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যা পৌনে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার শেখ মাজেদুল হক ফলাফল ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এবারের নির্বাচনে ১৫টির মধ্যে ১৪টি পদেই মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ জয়ী হয়েছে। আওয়ামী লীগ সমর্থিতরা মাত্র একটি সদস্য পদে জয়ী হয়েছে।  

নির্বাচনে সভাপতি পদে গণিতের সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদে বাংলার  সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ নির্বাচিত হয়েছেন।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেল জাসদসহ অন্য বামপন্থী দলগুলোর সমর্থক এবং নীল দল আওয়ামীপন্থী প্যানেল হিসেবে পরিচিত। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

অন্য বিজয়ীদের মধ্যে রয়েছেন, সহ সভাপতি সহযোগী অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিউল আজম খান নিসার, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার।