২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় অবরোধ চললে ‘সর্বোচ্চ ক্ষমতা’ প্রয়োগ: ইনু

আসন্ন এসএসসি পরীক্ষার সময় বিএনপি জোটের অবরোধ অব্যাহত থাকলে প্রশাসন ‘সর্বোচ্চ ক্ষমতা’ প্রয়োগ করবে বলে হুঁশিয়ার করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 02:40 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী ২ ফেব্রুয়ারি লাখ লাখ ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষা দেবে। নতুন বছরে ক্লাস শুরু হয়েছে। খালেদা জিয়ার বেরহম কর্মসূচি এসএসসি পরীক্ষার্থীসহ কয়েক কোটি ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।”

রাজনৈতিক দলগুলোকে পরীক্ষার সময় এই কর্মসূচি বন্ধ রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “স্থগিত করা না হলে প্রশাসন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে।”

কী ধরনের ক্ষমতা প্রশাসন প্রয়োগ করবে জানতে চাইলে ইনু বলেন, “আইনে যা আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, গ্রেপ্তার করা হবে।”

সেক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হবে কি না - এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।”

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে কার্যালয় থেকে বের হতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডাকেন ২০ দলীয় নেত্রী খালেদা।

রোববার রাতে তার গুলশানের কার্যালয় ঘিরে থাকা পুলিশ ও ট্রাক সরিয়ে নেওয়া হলেও সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেত্রী।

তিনি বলেন, “অবরোধ কর্মসূচি চলছে, অবরোধ কর্মসূচি চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।”

এই অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে যানবাহন লক্ষ্য করে প্রতিদিনই নাশকতা ও বোমাবাজির ঘটনা ঘটছে, যা নিয়ে জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করেছে।

৫ জানুয়ারি থেকে নাশকতায় ও সহিংসতায় এ পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে জানতে চাইলে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, “এ পর্যন্ত ২৭ জন মারা গেছেন। প্রশাসনকে কঠোর হওয়ার কথা ভাবতেই হবে।”

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “জনগণ নিয়ে রাজনীতি করেন, বাচ্চাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না। ক্ষমতা দখলের চক্রান্ত পরীক্ষার সময় স্থগিত করেন।”

সংকট নিরসনে যারা সংলাপের কথা বলছেন- তাদেরও সমালোচনা করেন ইনু।

“রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং বিদেশি বন্ধুরা যারা আজকে সংলাপে মিটমাটের কথা বলছেন, তাদের বলব এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য আপনার খালেদা জিয়ার কাছে ধর্ণা দেন, তারপর বুঝব কতদূর আপনারা গণতন্ত্রের জন্য কাঁদেন।”

নাশকতা ও চোরাগোপ্তা হামলা বন্ধে সরকার কী পদেক্ষেপ নিচ্ছে- এমন প্রশ্নে ধৈর্য্য ধরার পরামর্শ দেন জাসদ সভাপতি ইনু।

তিনি বলেন, “চোরাগোপ্তা হামলা একটি কঠিন সমস্যা। তবে প্রশাসন এ বিষয়ে দক্ষতা রাখে। একটু ধৈর্য্য ধরতে হবে, চোরাগোপ্তা হামলা বন্ধ করতে আমরা সমর্থ হব।”

তবে পরিস্থিতি মোকাবেলায় যৌথ বাহিনী নামানো হবে কিনা- এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “বিভিন্ন দেশে যেখানে নাশকতা হয় সেখানে বিভিন্ন বাহিনী সময়ে সময়ে একসঙ্গে কাজ করে, যৌথ বাহিনীও আইনের মধ্যে কাজ করে।... আমরা তো বলেছি ক্ষেত্র বিশেষ যৌথ বাহিনী সে এলাকায় কাজ করে, বাংলাদেশের ৪২ বছরের ইতিহাসে নতুন কাজ নয়, পরিস্থিতি মোকাবেলার জন্য সেই অঞ্চলে কিছু সময়ের জন্য যৌথ বাহিনী কাজ করে।”

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে ইনু বলেন, সোমবারের সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রী ‘সবকিছুর দায়’ আওয়ামী লীগের ওপর ‘চাপালেও’ সারা দেশে নাশকতার ঘটনায় যারা ‘হাতেনাতে ধরা পড়ছে’, তারা বিএনপি-জামায়াতের লোক।

“খালেদা জিয়া ও তারেক রহমান মিথ্যাচারকে শিল্পে পরিণত করেছে।... গুলশান কার্যালয় মিথ্যাচার তৈরির কারখানা, তিনি ডাহা মিথ্যা কথা বলেন।”

বিএনপি চেয়ারপারসন খালেদা ৫ জানুয়ারির আগেই ‘নাশকতার পরিকল্পনা করেছিলেন’ অভিযোগ করে মন্ত্রী বলেন, “বাধ্য হয়ে তাকে নিবৃত্ত করতে হয়েছে। আগুন দিয়ে তিনি গণতন্ত্র পোড়ানোর ঘোষণা দিয়েছেন।”

যারা নাশকতার পক্ষে সরাসরি উসকানি দিচ্ছেন, ‘সেই উসকানি দাতা নেত্রী’ নাশকতার জন্য ‘হুকুমের আসামি’ হবেন বলেও তিনি মন্তব্য করেন।  

“খালেদা জিয়া নিজেই বিএনপিকে সন্ত্রাসবাদী ও নাশকতার দলে পরিণত করেছেন। এটা জেনেশুনে যারা বিএনপির সাথে সংলাপের কথা বলছেন তারা কি বিএনপিকে তাদের ভুল রাজনীতিতেই উৎসাহিত করার দায়িত্ব নিয়েছেন”, প্রশ্ন করেন ইনু।

তিনি বলেন, আগে খালেদাকে ‘নাশকতা বন্ধের গ্যারান্টি’ দিতে হবে। গণতন্ত্র ও জঙ্গিবাদ একসঙ্গে চলতে পারে না।