চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
চট্টগ্রামের হালিশহরে কাভার্ড ভ্যান মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক গ্যারেজ কর্মচারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেকজন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রেলওয়ে সিগন্যাল কলোনি এলাকার ভেতরে একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে বলে হালিশহর থানার ওসি শাহজাহান কবির জানান।
নিহত ওই গ্যারেজ কর্মচারীর নাম মাসুম (২২)।
আহত তার সহকর্মী মাসুদকে (১৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত বড়ুয়া জানিয়েছেন।
মাসুদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। তবে নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই কর্মচারী একটি কার্ভাড ভ্যানে ওয়েল্ডিং করছিলেন। এসময় গ্যারেজে থাকা একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এতে মাসুম ঘটনাস্থলেই মারা যান।
