এবার এমপি বাদলের বাড়িতে বোমা হামলা
বিএনপির অবরোধ ও হরতালের মধ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে জাসদের কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদলের বাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনায় উপজেলার সারোয়াতলী এলাকায় এমপি বাদলের বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সময় সাংসদ বাড়িতে ছিলেন না। তার এক ভাই ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন।
“একটি ককটেল দুই তলা বাড়ির দেওয়ালে পড়ে বিস্ফোরিত হয়। অন্যটির বিস্ফোরণে জানালার কাচ ভেঙে গেছে।”
এ ঘটনায় পুলিশ বোয়ালখালী থানায় একটি মামলা করেছে বলে জানান ওসি।
চলমান অবরোধের মধ্যেই মঙ্গলবার সকাল ৬টা থেকে চট্টগ্রাম বিভাগে ২০ দলীয় জোটের ডাকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দরনগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় বাদলের কার্যালয় লক্ষ্য করেও বোমা হামলা হয়।
নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হতে সম্প্রতি পুলিশের প্রতি আহ্বান জানিয়েছিলেন ক্ষমতাসীন জোটের এই নেতা।
