২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কয়েলের’ আগুনে পুড়েছে কবুতর খামার

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে ছয়শ কবুতরসহ একটি খামার পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 09:21 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

রোববার রাতে শান্তিবাগ এলাকায় কবুতর চাষি মো. মেজবাহ উদ্দিনের খামারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ড হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

মেজবাহ উদ্দিন জানান, নিজের সঞ্চিত অর্থে দেশি-বিদেশি কবুতরের খামার গড়ে তোলেন তিনি।

তার খামারে কিং হলুদ, কিং সাদা, রেন, হলুদ মুখী, কাল মুখী, চকলেট মুখী, লেক পাই লাল, লেক পাই হলুদ, গিয়া চুলি, গ্রিজেল, লক্কা, কটার বল, সিলবার হুমা, সিলবার সিরাজি, বোম্বাই লাল, বোম্বাই হলুদ, রেচার, রেচার মিলি, পারভীন, ঝর্না, পিরেবাজসহ বিভিন্ন জাতের প্রায় তিন শতাধিক জোড়া কবুতর ছিল।

রোববার রাত পৌনে ১টার দিকে তার খামার আগুন ধরে।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নেভায়।

আগুনে তার কবুতরসহ খামার পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

মেজবাহ জানান, কবুতরের খামার থেকে প্রতি মাসে তার প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা আয় হতো। 

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, মশার কয়েলের আগুন থেকে ওই অগ্নিকাণ্ড হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।