জনগণ এগিয়ে এলে সন্ত্রাস মোকাবেলা সম্ভব: বেনজীর
প্রশাসন ও আইনশৃঙ্খলা বহিনীর সঙ্গে জনগণও এগিয়ে এলে চলমান সন্ত্রাস ও নাশকতা থেকে মানুষ নিস্তার পাবে বলে মনে করেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
সোমবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বেনজীর বলেন, “দেশে বিশেষ ক্রান্তিকাল চলছে। নিরীহ মানুষকে বিনা কারণে অত্যন্ত ট্রাজিক ভাবে পুড়িয়ে মারা হচ্ছে। দেশের ও জনগণের সম্পদ ধ্বংস করা হচ্ছে।
“একটি গোষ্ঠী বা মহল দেশের জনগণের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ পরিচালনা করছে। সেটাকে আমরা ধ্বংস করতে চাই। সঠিক সম্বন্বয় ও ঐক্য এ ধরনের অপশক্তি থেকে আমাদের মুক্তি দিতে পারে।”
দেশের বর্তমান পরিস্থিতিতে সব নাগরিকের সহযোগিতা আশা করে বেনজির আরও বলেন, “প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণ ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা দেশবিরোধী এ কার্যক্রম থেকে মুক্ত হতে পারব।”
রংপুরের মিঠাপুকুরে ২০ দলের বিবৃতি নিয়ে দেওয়া বক্তব্যর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচাল বলেন, “আমরা কোনো রাজনীতিবিদ ও রাজনীতির বিরুদ্ধে কথা বলিনি। কথা বলেছি খুনী, সন্ত্রাসী ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে।
“সন্ত্রাসীদের বিরুদ্ধে খুনীদের বিরুদ্ধে কথা বললে- এটা রাজনীতি হবে কেন?” প্রশ্ন বেনজিরের।
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের পবিত্র কর্তব্য ও পেশাগত দায়িত্ব এধরনের খুন, ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মানুষের শান্তি, প্রতিরোধ ও প্রতিরক্ষা দেওয়া।
“এধরনের কাজটি আমরা করছি আমরা করব”, বলেন বেনজির।
