নিহত বিজিবি সদস্যের পরিবার পেল বাড়ি
গত নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের হরতালে দায়িত্বরত অবস্থায় গুলিতে নিহত বিজিবি সদস্য রিপন হোসেনের পরিবারকে পাকা বাড়ি করে দিল তার প্রতিষ্ঠান।
সোমবার মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামে রিপনের স্ত্রী শীলা আক্তারের হাতে বিজিবির পক্ষ থেকে নবনির্মিত এ বাড়ির চাবি হস্তান্তর করেন যশোর রিজিয়নের কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো. শহীদুল ইসলাম।
এর আগে বেলা ১১টার দিকে তিনি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একতলা এ বাড়ির ফলোক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার উপ-মহাপরিচালক জাবেদ সুলতান, বিজিবি ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার পরিচালক এস এম মনিরুজ্জামান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
বিএনপি-জামায়াতের হরতালে ২০১৩ সালের ২৬ নভেম্বর কুমিল্লায় কর্তব্যরত অবস্থায় গুলিতে নিহত হন মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য রিপন হোসেন।
