৮৪৫টি ইয়াবাসহ ঢাবি ছাত্র গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল থেকে সাড়ে আটশ ইয়াবা বড়িসহ এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. রাসেল উদ্দিন মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি ছাত্রলীগের মহসিন হল শাখার সাবেক সহ-সম্পাদক এবং ওই হলের ২১৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।
রাসেলের সঙ্গে তার সহপাঠী মো. রিপনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয় পুলিশ। রিপন বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, রোববার রাত ৩টার দিকে মহসিন হলে অভিযান চালিয়ে ৮৪৫টি ইয়াবাসহ তাদের আটক করা হয়।
“পরে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। রাসেলকে ওই মামলায় আসামি করা হলেও রিপন নির্দোষ হওয়ার তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
তবে মো. কবির নামে আরেকজনকে এ মামলার আসামি করা হয়েছে, যিনি গাজীপুরে থাকেন বলে জানিয়েছেন ওসি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাসেল ইয়াবা বিক্রির অভিযোগে এর আগেও আশুলিয়ায় গ্রেপ্তার হয়েছিল। সে মাঝে মধ্যে হলে থাকতে আসত। রোববার তার আসার খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা হয়।”
