সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পুলিশ পরিচয়ে এক বাড়িতে ডাকাতি হয়েছে।
রোববার গভীর রাতে উপজেলার তামাই গ্রামের তাঁত ব্যবসায়ী মৃত হাজী গোলাম মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি ২২ ভরি স্বর্ণাংলকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, রাত ২টার দিকে পুলিশ পরিচয়ে ডাকাতরা ওই ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করতে চায়। তখন বাড়ির লোকজন বাধা দিলে তারা গেইট ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে মারপিট করে এবং স্বর্ণাংলকার ও টাকা লুট করে।
এরপর আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার সময় একটি দেশিয় শাটারগান ও একটি গুলি ফেলে যায়।
রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং সেখান থেকে শাটারগান ও একটি গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি আনিসুর।
