পঞ্চগড়ে রাতে কোচ ও তেলবাহী লরী চলাচলে নিষেধাজ্ঞা
পঞ্চগড় থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে রাতে যাত্রীবাহী বাস, কোচ ও তেলবাহী ট্যাংকলরি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।
সোমবার বিকালে এ সিদ্ধান্তের কথা সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
তিনি জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকাগামী যাত্রীবাহী কোচগুলোর বেশিরভাগ কাউন্টার শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত। সোমবার দুপুরে ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাফরুল হাসানের নেতৃত্বে একটি দল প্রতিটি কাউন্টারে গিয়ে এ নিষেধাজ্ঞার কথা জানায়।
এ সময় জাফরুল হাসান জানান, “পুলিশ সুপারের নির্দেশে আমরা কাউন্টারে ও পেট্রোলপাম্পগুলোতে গিয়ে রাতের বেলা যাত্রীবাহী যানবাহন ও জ্বালানি তেলবাহী গাড়ি চলাচল বন্ধ রাখতে বলছি।”
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। তবে দিনের বেলা সব ধরনের গাড়ি চলবে বলে তিনি জানান।
