২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল সংসদ অধিবেশন

রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার মধ্যেই শুরু হল দশম সংসদের পঞ্চম অধিবেশন। বছরের প্রথম এই অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 04:38 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পুরনো খবর:

সংসদ বসছে সোমবার

সোমবার বিকাল সোয়া ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদ সদস্যদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন,“এই অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আপনাদের গঠনমূলক বক্তব্যে সংসদ প্রাণবন্ত ও কার্যকর হবে।”

এর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মোল্লা, মাহমুদ উস সামাদ চৌধুরী, ফখরুল ইমাম ও পিনু খান।

এরপর সাবেক সংসদ সদস্য ফজলুল করিম, সরদার আমজাদ হোসেন, জামাল উদ্দিন আহম্মদ, প্রফুল্ল কুমার শীল, সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারক কাজী গোলাম রসুল, বিজ্ঞানী মাকসুদুল আলম, কালজয়ী গীতিকার গোবিন্দ হালদার, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী, অভিনেতা খলিল উল্লাহ খান, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, শিশু সাহিত্যিক এখলাসউদ্দিন আহমদের মৃত্যুতে  শোক প্রস্তাব উপস্থাপিত হয় সংসদে।

পরে প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নীরাবতা পালন করা হয়। মোনাজাত পরিচালনা করেন তরীকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

অধিবেশন ৫ মার্চ পর্যন্ত

এর আগে অধিবেশনের মেয়াদ নির্ধারণে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসে কার্য উপদেষ্টা কমিটি।

কমিটি আগামী ৫ মার্চ পর্যন্ত এই অধিবেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে স্পিকারকে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল সাড়ে ৪টায়  শুরু হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অংশ নেন।