রুমায় ট্রাক খাদে, নিহত ২
বান্দরবানের রুমা উপজেলায় একটি বালুবোঝাই ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন, আহত হন পাঁচ জন।
সোমবার দুপুরে ছাইপোপাড়ার বিজিবি নতুন ক্যাম্প এলাকায় রুমা-রোয়াংছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন বান্দরবানের ইসলামপুর এলাকার মো. আব্দুর গফুর (২২) ও কক্সবাজারের চকরিয়ার পেকুয়ার আমির হোসেন (৩০)।
আহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। এরা হলেন মো. হেলাল উদ্দিন (২৮), মিজানুর রহমান (৩০) ও আব্দুর হান্নান (৪২)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান, বান্দরবান থেকে বালুবোঝাই একটি ট্রাক রুমার সদরঘাট এলাকায় নতুন স্থাপিত বিজিবি ক্যাম্পে যাচ্ছিল।
পথে রুমা-রোয়াংছড়ি সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল গফুর ও আমির হোসেন নিহত হন।
ছাইপো পাড়াবাসী ও বিজিবির সদস্যরা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু মারমা জানান, আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
