ডোমারে সৎ ভাইয়ের সংঘর্ষে ২ সহোদর নিহত
নীলফামারীর ডোমার উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সৎ ভাইয়ের সঙ্গে সংর্ঘষে দুই সহোদর নিহত হয়েছেন।
সোমবার সকালে দক্ষিণ চিকনমাটি কামাতপাড়া গ্রামে এই সংঘর্ষে নিহতরা হলেন জাহেদুল ইসলাম (৫৫) ও জাহাঙ্গীর আলম (৩৫)।
এ ঘটনায় পুলিশ আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করেছে।
স্থানীয়রা জানান, দক্ষিণ চিকনমাটি কামাতপাড়া গ্রামের প্রয়াত জামিলার রহমানের প্রথম স্ত্রীর ছেলে জাহেদুল ইসলাম ও জাহাঙ্গীর আলমরা পাঁচ ভাই এবং ছোট স্ত্রীর ছেলে আনোয়ারুলরা দুই ভাই।
আনোয়ারুলের সাড়ে ১৬ শতাংশ জমি সৎ ভাই জাহাঙ্গীর আলম প্রায় চার বছর আগে ৬০ হাজার টাকায় বন্ধক নেন আনোয়ারুলের কাছ থেকে।
সকাল ১০টার দিকে ওই জমিতে জাহাঙ্গীর বোরো ধানের চারা লাগাতে গেলে সৎ ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ারুল ইসালাম ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা রক্তক্ষয়ী সংঘর্ষে জাহেদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে নিহত হন। আহত হন উভয় পক্ষের প্রায় ১০ জন।
পরে পুলিশ গেলে আনোয়ারুলের লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আনোয়ারুলের ভাগ্নে আব্দুস সালামকে আটক করেছে পুলিশ।
আহতদের ডোমার বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডোমার থানার ওসি আইয়ুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংর্ঘষে নিহত দুভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
