রায়গঞ্জে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক অটোরিকশা চালককে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত হাফিজুল ইসলাম খান (৩৫) একই উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবিল গ্রামের বাসিন্দা ছিলেন।
সোমবার সকালে ধামাইনগর ইউনিয়নের তনেশ্বরদীঘি এলাকায় একটি ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, “হাফিজের হাত বেঁধে, গলায় গামছা পেঁচিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।”
লাশ পাওয়ার আগে রাত ৩টার দিকে উপজেলার ধানগড়া ব্রিজের কাছে হাফিজুরের অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানান তিনি।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড- তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
