ছয় ‘গরু চোরকে’ পিটিয়ে পুলিশে দিল গ্রামবাসী
গাজীপুরের শ্রীপুরে গরু চুরি করে ট্রাকে ওঠানোর সময় ছয়জনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলকাবাসী।
সোমবার ভোর রাত ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে নব্বেছ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
চোরদের ব্যবহৃত ট্রাকটিও ভাঙচুর করেছে উত্তেজিত গ্রামবাসী।
আটক ছয়জন হলেন- উপজেলার শৈলাট নয়াপাড়া গ্রামের শাহ আলম (৪০), কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া তালচালা গ্রামের খোরশেদ আলম (২৬), ময়মনসিংহের ভালুকা উপজেলার পনাশাইল গ্রামের জামাল উদ্দিন (৩০), মল্লিকবাড়ী বরতা গ্রামের আতিকুল ইসলাম (৩২), পালগাঁও গ্রামের মাজু মিয়া (৩২) এবং জামালপুর সদর উপজেলার রানারামপুর গ্রামের সুজন মিয়া (২৮)।
নব্বেছ আলী জানান, আনুমানিক ৩টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা। পরে ছেলেদের ঘুম তুলে বাইরে এসে তিনি দেখতে পান, তার গরু বাড়ির পাশের সড়কে ট্রাকে তোলা হচ্ছে।
ছেলেদের নিয়ে নব্বেছ আলী দুই চোরকে ধরে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে এবং আরও চারজনকে ধরে পিটুনি দেয়।
পরে সকাল সাড়ে ৮টার দিকে তাদের শ্রীপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
ওই থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, পিটুনিতে আহত ছয়জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হবে।
