২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেলা নদীতে নৌ-চলাচল নিয়ে প্রশ্ন সংসদীয় কমিটির

সুন্দরবনের তেল দূষণ নিয়ে জাতিসংঘের গবেষক দলের প্রতিবেদন দেওয়ার আগেই শেলা নদীতে নৌ-চলাচল কেন শুরু হল, তা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে পরিবেশ বিষয়ক সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 08:43 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রোববার জাতীয় সংসদ ভবনে বৈঠকের পর পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, “জাতিসংঘের প্রতিনিধি দল তাদের প্রতিবেদন দেওয়ার আগেই কেন শেলা নদীতে নৌ-চলাচল চালু করার আদেশ দেওয়া হল, সেটা নৌ মন্ত্রণালয়ের কাছ থেকে লিখিত আকারে জানতে চাওয়া হয়েছে।”

গত ৯ ডিসেম্বর শেলা নদীতে একটি অয়েল ট্যাংকার ডুবে সাড়ে ৩ লাখ টন ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ার পর বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দিয়ে নৌচলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল বিশ্বের বৃহত্তম ম্যাংগ্রোভ বনের ভেতর দিয়ে নৌ-পথে চলাচল বন্ধে জাতিসংঘ ও পরিবেশবাদীদের আহ্বানের মধ্যে গত ৬ জানুয়ারি নৌযান চলাচল শুরুর আদেশ দেয় নৌ মন্ত্রণালয়।

মংলা বন্দর সচল, পণ্য পরিবহন অব্যাহত এবং শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে নৌমন্ত্রণলায় চলাচলের ক্ষেত্রে কয়েকটি শর্তও আরোপ করে।

সুন্দরবনে তেল দূষণে উদ্বেগ জানানোর পর গত ১৮ ডিসেম্বর জাতিসংঘের গবেষক দল বাংলাদেশে আসে। তারা গত ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনে ছিলেন।

Image
দুর্ঘটনা কবলিত নৌযানটি

দুর্ঘটনা কবলিত নৌযানটি

সরকারি কর্মকর্তা, বেসরকারি বিশেষজ্ঞদের নিয়ে ২৫ জনের বিশেষজ্ঞ দলটি সুন্দরবনের ভেতর দিয়ে নৌচলাচল বন্ধ রাখার সুপারিশ করেছে। দলটি এখনও তাদের চূড়ান্ত প্রতিবেদন দেয়নি।

সংসদীয় কমিটি তেলবাহী জাহাজগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া নিশ্চিত করার ব্যবস্থা করতেও সুপারিশ করেছে।

সাবেক পরিবেশন্ত্রী হাছান মাহমুদ বলেন, “চলাচলকারী অয়েল ট্যাংকারগুলোর সক্ষমতা কতটুকু সে সম্পর্কে আমরা কতুটুকু জানি। এগুলো ডিজি শিপিং থেকে ছাড়পত্র নিয়ে চলে। ট্যাংকারগুলো তেল পরিবহনের জন্য সক্ষম কি না, সেজ্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র জরুরি।”

তিনি আরও জানান, সুন্দরবনে তেল দূষণের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে নিরীক্ষা করার পরামর্শ দিয়েছে কমিটি। এই নিরীক্ষায় চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে।

এই নৌ দুর্ঘটনা থেকে ভবিষ্যতে দ্রুত উত্তরণের জন্য কোস্ট গার্ড এবং মংলা বন্দরকে প্রয়োজনীয় যন্ত্র সরঞ্জাম সরবরাহ করে সর্বদা প্রস্তুত রাখার সুপারিশও করেছে সংসদীয় কমিটি।

হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নবী নেওয়াজ, ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী, মো. ইয়াসিন আলী ও মেরিনা রহমান উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

নৌযান চলাচলের জন্য খুলল শেলা নদী
সুন্দরবনে নৌচলাচল বন্ধ চায় জাতিসংঘ
সুন্দরবনে নৌ চলাচল বন্ধ চায় সংসদীয় কমিটি