২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশে ছাত্রদের সংঘর্ষ: আহত ৮

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাধারণ ছাত্রদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 08:05 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রোববার দুপুরে সংঘর্ষে পরপর বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলামসহ চার জনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন, জিয়া হল শাখার সভাপতি এস এম জাহিদ হাসান, প্রত্যুষ রায় ও মিল্টন।

শীতকালীন ছুটির পর বিশ্ববিদ্যালয় খোলার দিন (১১ জানুয়ারি) আবারও শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তুলে তারা একাডেমিক কাজ থেকে বিরত থাকার ঘোষণা দেন। তাই এখনও ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান জানান, ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে কয়েকজন ছাত্র শিক্ষকদের ক্লাস কার্যক্রম চালুর দাবিতে মানব বন্ধন করছিলেন।

এ সময় ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েলের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা সাধারণ ছাত্রদের উপর হামলা করে।

এতে সাধারণ ছাত্ররা পাল্টা প্রতিরোধে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে দুটি মোটরসাইকেল আগুন দেয় সাধারণ ছাত্ররা।  পরে পুলিশ এসে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

আহত আটজনকে পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. এ এ টি এম শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কথিত ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে সাধারণ ছাত্রদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এই ঘটনা ভিসির ইন্ধনে বহিরাগত জামায়াত-শিবিরের লোকজন জড়িত বলে জানান ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে গত ৪ নভেম্বর শৃংখলা কমিটির সভার সিদ্ধান্তে ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় ও জিয়া হল শাখার সভাপতি জাহিদ হাসানকে বহিষ্কার করা হয়।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে চলে যায়। দুপক্ষ  পরস্পরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। ছাত্রলীগ উপাচার্যের পদত্যাগ দাবি করে আসছে।

এ অবস্থায় গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয়। গত ১২ জানুয়ারি ছিল খোলার দিন। এর একদিন আগে (১১ জানুয়ারি) হলগুলো খুলে দেওয়া হয়। ওইদিন তল্লাশি করে শিক্ষার্থীদের ঢোকানোর সময় কয়েকজন ছাত্র প্রশাসনিক কাজে বাধা দেয় এবং শিক্ষকদেরকে লাঞ্ছিত করে বলে শিক্ষকরা অভিযোগ তোলেন।

এর প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ১৩ জানুয়ারি থেকে শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়।