পুরান ঢাকায় হাতবোমায় শিশুসহ আহত ৬
বিএনপি-জামায়াত জোটের ডাকা লাগাতার অবরোধের মধ্যে রাজধানীর চকবাজার মোড়ে হাতবোমা বিস্ফোরণে এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
রোববার বিকাল পৌনে ৪টার দিকে চকবাজার মোড়ের আশিক টাওয়ারের সামনে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে চকবাজার থানার ওসি আজিজুল হক জানিয়েছেন।
আহতদের মধ্যে রহিমা খাতুন (৮) নামে আহত শিশুটিকে মিটফোর্ড হাসপাতালে এবং শামছুল হক নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্য চারজন আলমগীর হোসেন (৪০), আনোয়ার হোসেন (৩৮), ফকির চাঁন (৪০), আফজাল হোসেন (৪৫) মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেনভ।
ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাসুদুর রহমান বলেন, “বোমায় আহত পাঁচজন এখানে এসেছিলেন। এর মধ্যে শিশু রহিমার নাক দিয়ে রক্ত পড়ছে। তাকে ক্যাজুয়্যালটি বিভাগে পাঠানো হয়েছে।
বাকি চারজনের পায়ে সামান্য জখম ছিল জানিয়ে তিনি বলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
