নোয়াখালীতে অটোরিকশায় ঢিলে একজন আহত
নোয়াখালীতে বিএনপির ডাকা হরতালের আগের রাতে অটোরিকশায় ঢিল নিক্ষেপে এক যাত্রী আহত হয়েছেন।
শনিবার রাতে বেগমগঞ্জের বাংলা বাজারে এ ঘটনায় আহত জালালউদ্দিনকে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নোয়াখালী হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢিলের আঘাতে তিনি (জালাল) মাথা, মুখ ও নাকে আঘাত পেয়েছেন। মুখের কিছু অংশ থেতলে গেছে, তার অবস্থা গুরুতর। খুব কাছে থেকে তার দিকে ঢিল ছোড়া হয়েছিল।”
বাদাম বিক্রেতা জালালের (৩৫) বাড়ি বেগমগঞ্জের বসন্তেরবাগ এলাকায়।
সোনাইমুড়িতে মোরশেদ পারভেজ নামে এক ছাত্রদল কর্মীকে হত্যার প্রতিবাদ এবং বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের মুক্তির দাবিতে জেলায় রোববার সকাল-সন্ধ্যার এই হরতাল করছে বিএনপি।
হরতালের কারণে সকাল থেকে জেলায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তবে দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বেশ কিছু দূরপাল্লার বাস-ট্রাক ছেড়ে যাবে বলে জানান সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন।
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, অবরোধ-হরতাল ঘিরে নাশকতা ঠেকাতে জেলা শহরের মোড়ে মোড়ে আইন শৃঙ্খালা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
নাশকতার পরিকল্পনার অভিযোগে রাতে নোয়াখালীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি ও তার শরিক জামায়াতে ইসলামীর ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
