ট্রেনে কাটা পড়ে দুই মুসল্লির মৃত্যু
রাজধানীর কুড়িলে ট্রেনে কাটা পড়ে ইজতেমাগামী দুই মুসল্লি নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশের কমলাপুর থানার ওসি আব্দুল মজিদ জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে প্রথমে জানিয়েছিলেন ওসি মজিদ।
পরে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “ট্রেনে কাটা পড়ে প্রায় এক কিলোমিটারজুড়ে শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় তিন জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছিলাম।”
রেলওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে যোগ দিতে হাজার হাজার মুসল্লি ট্রেনে করে টঙ্গীর দিকে যাচ্ছেন। ট্রেনের ছাদে চড়েও যাচ্ছেন শত শত মানুষ।
সকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেসের ছাদে চড়ে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাওয়ার পথে কুড়িল-বিশ্বরোড এলাকায় ছাদ থেকে পড়ে দুজনের মৃত্যু হয় বলে ধারণা করছেন তারা।
নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বেলা ১১টার পর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে আয়োজক মুরুব্বিরা জানিয়েছেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের দিকে নেমেছে মুসল্লিদের ঢল। বাস, টেম্পো, ট্রেনসহ নানা বাহনে চড়ে ইজতেমা মাঠের দিকে যাচ্ছেন তারা।
