মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ নিহত
মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিঠাছড়ার জামালের দোকান এলাকার এই দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
চমেক হাসাপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৮টার দিকে মোহাম্মদ আলীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি পিকআপভ্যানে কনস্টেবল আলীর সঙ্গী কনস্টেবল আবদুল হক ও সিদ্দিকুর রহমান আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আবদুল হক গাড়িটি চালাচ্ছিলেন।
স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী একটি প্রিজন ভ্যান একটি মিনিট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। তখন ধাক্কা খাওয়া মিনিট্রাকটির সঙ্গে ঢাকামুখী মিরসরাই থানা পুলিশের পিকআপ ভ্যানটিকে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকআপ ভ্যান নিয়ে পুলিশ সদস্যরা অবরোধের মধ্যে মহাসড়কে পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা দিতে কাজ করছিল।
এই দুর্ঘটনার জন্য মিনি ট্রাকটিকে দায়ী করে এর চালককে আটক করার কথা জানান তিনি।
স্থানীয়রা মিনি ট্রাকটিকে একটি প্রিজন ভ্যানের ধাক্কা দেওয়ার কথা বললেও বিষয়টি অস্বীকার করেন ওসি ইমতিয়াজ।
তিনি বলেন, “একটি কর্ভাড ভ্যান ধাক্কা দিয়েছে। কভার্ড ভ্যানটিকে ধরতে ওয়ারলেসের মাধ্যমে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন ফাঁড়িকে বলা হয়েছে।”
