কুমিল্লায় দুর্ঘটনায় ২ গাড়িচালক নিহত
কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের দুই চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় এবং মনোহরগঞ্জে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
নিহত দুজনের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক আলী আকবর (৪০) রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকার বাসিন্দা। আর পিকআপ ভ্যানের চালক মানিক মিয়া (৩২) চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
ইলিয়টগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই তপন কুমার জানান, শনিবার বেলা ১১টায় চান্দিনার দোতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আকবর ঘটনাস্থলে নিহত হন। চালকের সহকারীসহ আহত হয় পাঁচজন।
আহতরা হলেন- যাত্রাবাড়ী থানা এলাকার নাজিম (৩৮), ফেনীর মহিপাল উপজেলার নূরুল করিম (৬০), তার মেয়ে মুক্তা (২৮), নাতি তাজমির (৪) ও নাতনি তাসফিয়া (৫)।
তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোহরগঞ্জ থানার ওসি আবদুল হাই সরকার জানান, শনিবার দুপুর ১টায় মনোহরগঞ্জের হাতিমারা এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাসের সঙ্গে নোয়াখালীগামী মালবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক মানিক ঘটনাস্থলেই নিহত হন।
আর আহত পাঁচ যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
