২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে আ. লীগ নেতার ছেলেকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার স্কুলপড়ুয়া ছেলেকে বিএনপি-জামায়াত কর্মীরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 03:11 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

অবরোধে নাশকতাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর তার ওপর হামলা হয়েছিল বলে নিহতের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেছেন।

নিহত রাজন আলী রকি (১৫) শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা গ্রামের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের ছেলে। বাবুপুর উজিরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ পৌরসভার রসুলপুর এলাকায় তাকে মারধর করা হয়। শুক্রবার গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের আহমেদ জানিয়েছেন।

শিবগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি আতিকুল ইসলাম টুটুল খান বলেন, বৃহস্পতিবার র‌্যাব-পুলিশ ও বিজিবির একটি দল রসুলপুর এলাকায় অভিযান চালায়। অভিযান শেষে বেলা ১২টার দিকে রকি রসুলপুর এলাকায় গেলে বিএনপি ও  জামায়াতে ইসলামীর কর্মীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

উদ্ধার করে রকিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

রকির বাবা আওয়ামী লীগ নেতা হওয়ার কারণেই ওই দিন অভিযানের পর বিএনপি-জামায়াত কর্মীরা তাকে পেয়ে পিটিয়ে হত্যা করেছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন। রকির পরিবারও পুলিশের কাছে একই অভিযোগ করেছে।

এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে শিবগঞ্জ থানার পরিদর্শক জুবায়ের আহমেদ জানান।

বৃহস্পতিবার শিবগঞ্জে অভিযান চালিয়ে নাশকতায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে র‌্যাব। তাদের মধ্যে মতিউর রহমান নামে এক যুবদল কর্মী রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

মতিউরকে ‘ধরে নিয়ে হত্যা’ করা হয়েছে অভিযোগ করে এর প্রতিবাদে রোববার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।