২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ বৃষ্টিতে ইজতেমা মাঠে ভোগান্তি

মাঘের শুরুতে থেমে থেমে বৃষ্টিতে টঙ্গীর তুরাগতীরে দ্বিতীয় দফা ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিরা ভোগান্তিতে পড়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 09:40 AM

Updated : 22 Aug 2022, 02:56 PM

তবে একদিকে শীত অন্যদিকে বৃষ্টিতে মুসল্লিরা সাময়িক ভোগান্তিতে পড়লেও একে ‘আল্লাহর রহমত’ বলে মনে করছেন তারা।

প্রথম দফা শনিবার ভোর ৪টা থেকে প্রায় আধাঘণ্টার বৃষ্টিতে ইজতেমা মাঠে অবস্থানরত মুসল্লিদের অনেকেই কাকভেজা হন। ভিজে যায় তাদের বিছানা, কাপড়-চোপড়ও।

কয়েক ঘন্টা বিরতির পর সকাল সোয়া ১০টার দিকে আবার শুরু হয় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টি থেকে নিজেকে রক্ষায় অনেক মুসল্লি পলিথিন কিনে মাথার ওপরে টানিয়ে নিয়েছেন।

কুড়িগ্রাম থেকে আসা আবুল কালাম জানান, সামিয়ানার নীচে টিন বা পলিথিন না থাকায় বৃষ্টিতে তাদের বিছানাসহ মালামাল ভিজে গেছে।

তবে মানিকগঞ্জের সফিউদ্দিন, নওগাঁর আব্দুল মালেকের মতো অনেকেই বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মালামাল পলিথিনে মুড়ে রক্ষা পেয়েছেন।

তারা জানালেন, বৃষ্টি হওয়ায় কিছুটা ভোগান্তি হলেও ইজতেমা মাঠের ধুলা কমেছে।

এতে পরিবেশ ভাল হয়েছে বলে মনে করেন তারা। 

তবে ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, অল্প বৃষ্টিতে মুসল্লিদের বড় ধরনের সমস্যায় পড়তে হয়নি।

রোববার জোহরের নামাজের আগে কোনো সময় আখেরি মোনাজাত হবে বলে জানান তিনি। এর মধ্য দিয়ে এবারের মতো শেষ হবে বিশ্ব ইজতেমা।

গত ৯ জানুয়ারি শুরু হওয়া ইজতেমার প্রথম দফা শেষ হয় ১১ জানুয়ারি। ইজতেমার দ্বিতীয় দফা শুরু হয়েছে শুক্রবার।

শনিবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা মো. শওকত আলীর বয়ান দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দফার দ্বিতীয় দিন। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।

প্রথম দফার মতো দ্বিতীয় দফা ইজতেমার দ্বিতীয় দিন আসরের নামাজের পর বয়ান মঞ্চ থেকে ১৩৫ দম্পতিকে যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়।

প্রথম দফায় ১২১ দম্পতির যৌতুকবিহীন বিয়ে হয়।

তিন মুসল্লির মৃত্যু

দ্বিতীয় দফার ইজতেমায় আসা আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমায় লাশের জিম্মাদার আদম আলী জানান, বার্ধক্যজনিত রোগে শনিবার ভোরে মারা যান আলী আজিম হাওলাদার (৬৪)। তার বাড়ি বরিশালের টিকাশ্বর এলাকায়।

এছাড়া শনিবার সকাল ৮টার দিকে নীলফামারীর পলাশবাড়ি এলাকার গোলাম আজম খান (৫৫) এবং সকাল সাড়ে ১০টার দিকে মৌলভী বাজারের জুড়ি থানার ভোগতারা গ্রামের বশির মিয়ার (৫৫) মৃত্যু হয়।

এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে সাত মুসল্লির মৃত্যু হয়েছে।

</div>  </p>