‘পাহাড়ে বিশ্ববিদ্যালয় স্থাপন শিক্ষিত বাঙালি পুনর্বাসনের চেষ্টা’
রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারের এই পদক্ষেপকে পাহাড়ে বাঙালিদের পুনর্বাসনের ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
পাহাড়িদের ওপর হামলা ও আদিবাসী ছাত্রনেতা বাবুল হেমব্রম হত্যার বিচারের দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংহতি সমাবেশে রাঙামাটিতে মেডিকেল কলেজের পরিকল্পনা বন্ধের দাবি জানান তারা।
সমাবেশে প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপযোগিতা আছে কিনা তা যাচাই করতে প্রতিষ্ঠার আগে মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর প্রাক্তন উপাচার্যদের নিয়ে কমিটি গঠন করে তাদের সুপারিশ নিতে হবে।
তিনি বলেন, “যেখানে কোনো ভালো প্রাইমারি স্কুল নেই, মাধ্যমিক স্কুল নেই এবং ভালো কলেজ পর্যন্ত নেই, সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে বাঙালি মুসলমানরা অতি আধুনিক পদ্ধতিতে প্রতারণার ব্যবস্থা করছে।”
এই পদক্ষেপকে রাঙামাটিতে নিপীড়ন ও দখলদারিত্বের নতুন পদ্ধতি আখ্যা দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, “পাহাড়িরা যখন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করছে, তখন বুঝতে হবে এমনি এমনি তারা এটি করছে না। এই পাহাড়িদের চিনতে হলে সরকারকে পাহাড়ি চোখে দেখতে হবে, বাঙালির চোখে নয়।
সমাবেশে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, “পাহাড়ে মেডিকেল কলেজ স্থাপন উন্নয়ন নয়, এটি সরকারের চক্রান্ত। চক্রান্তটি হল- শিক্ষিত শরণার্থী শিবির বানানোর। এর আগে শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে সাধারণ বাঙালিদের পুনর্বাসন করেছে।
“এবার কলেজ স্থাপনের নামে শিক্ষিত বাঙালিদের নিবাস গড়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পাহাড়ে বাঙালি উপনিবেশ তৈরি করা হচ্ছে।”
সম্প্রতি রাঙ্গামাটিতে জাতিগত সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া, সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন এবং ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, মেডিকেল কলেজ কার্যক্রমসহ পার্বত্য আদিবাসীদের সম্মতি ছাড়া উন্নয়ন থেকে বিরত থাকা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণার বিষয়সহ ছয়টি দাবি উপস্থাপন করা হয় সমাবেশে।
রাঙামাটিতে জাতিগত সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং রাজশাহীতে আদিবাসী ছাত্রনেতা বাবলু হেমব্রমের খুনীদের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশের আয়োজন করে নাগরিক সমাজ।
এতে অন্যদের মধ্যে আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন আদিবাসী সংগঠক দীপায়ন খীসা।
