২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে দুই জন গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবই এলাকায় এই ঘটনায় গুলিবিদ্ধ দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুরসহ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন ওই এলাকার তোফায়েল আহাম্মেদের ছেলে সালাম মিয়া (৪৭) ও প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে জিন্নত আলী (৪০)।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, গত বুধবার উপজেলার পাবই এলাকার মিলন মিয়া নামে এক মুদি ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী মাছিমপুর এলাকার সন্ত্রাসী মোহাম্মদ আলী ও তার লোকজন।

পরে পুলিশের তৎপরতায় তাকে মারধর করে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

এর জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদ আলী ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে পাবই এলাকায় মিলন মিয়ার বাড়ির সামনে মহড়া দেয়।

ওই সময় ওই বাড়ির লোকজন আতঙ্কে চিৎকার শুরু করলে গ্রামবাসী লাঠিসোঠা নিয়ে এগিয়ে আসলে মোহাম্মদ আলী ও তার লোকজন গ্রামবাসীর উপর গুলিবর্ষণ শুরু করে। ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এসময় তারা বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

এক পর্যায়ে গ্রামবাসীও পাল্টা ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

মেহেদী মাসুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।