নেত্রকোণায় ট্রাকে পেট্রোল বোমা, চালক দগ্ধ
অবরোধে নেত্রকোণা শহরে পেট্রোল বোমার আগুনে এক ট্রাকচালক দগ্ধ হয়েছেন।
এ ঘটনায় আহত হন তার সহকারী।
শুক্রবার রাত ৮টার দিকে বারহাট্রা রোডে এই ঘটনায় দগ্ধ তারা মিয়ার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বকশিমুল গ্রামে।
তারা মিয়াকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সহকারী ইসমাইলকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
তবে, চালকের অবস্থা আশংকামুক্ত জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান।
নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদুল আলম জানান, নেত্রকোণার মোহনগঞ্জ থেকে খালি ট্রাক নিয়ে তারা মিয়া ও সহকারী ইসমাইল ময়মনসিংহের তারাকান্দা যাচ্ছিলেন।
নেত্রকোণা শহরের বারহাট্রা রোডে ট্রাকটি পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকে একটি পেট্রোল বোমা ছুড়ে মারে।
পরে নেত্রকোণা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।
