২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিটার রিডারদের চাকরি স্থায়ীকরণের দাবি

নয় বছর ধরে চুক্তিভিত্তিক চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে চট্টগ্রামের পল্লী বিদ্যুৎ মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 06:47 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

সমাবেশে ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মহিউদ্দিন আলম বলেন, শ্রম আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কাজের জন্য সাময়িক, দৈনিক ভিত্তিক ও চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ দেওয়া যায় না।

“কোনো শ্রমিকের শিক্ষানবিসকাল বা তিন মাস চাকরির পর মেয়াদ বৃদ্ধি করা হলে স্থায়ীকরণের চিঠি না দেওয়া হলেও তিনি স্থায়ী হিসেবে গণ্য হবেন বলে আইনে উল্লেখ আছে।”

কিন্তু টানা নয় বছর ধরে কাজ করার পরেও নিজেদের চাকরি স্থায়ী না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মহিউদ্দিন বলেন, “একজন স্থায়ী মিটার রিডার যে বেতন পান একই কাজ করেও অস্থায়ী মিটার রিডার পাচ্ছেন তার অর্ধেক বেতন।

“এছাড়া যখন তখন চাকরি চলে যাওয়ার হুমকিতো আছেই। কখনও কখনও নির্ধারিত বেতনের চেয়েও কম বেতন দেওয়া হয়।”

বর্তমানে সারাদেশে চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারের সংখ্যা ২০ হাজার বলে সমাবেশে জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মিলন দে অভিযোগ করেন, দুই বছর পর পর চুক্তি নবায়নের সময় এলে প্রত্যেক অস্থায়ী কর্মচারীর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেওয়া হয়।

দেশের পল্লী বিদ্যুৎ সমিতির ৭৩ জন সাধারণ ব্যবস্থাপক ও ২৫০ জন উপ-মহাব্যবস্থাপক ঘুষের টাকা ভাগাভাগি করে নেন বলেও সমাবেশ থেকে অভিযোগ তোলা হয়।

চাকরি স্থায়ী করে এই দুর্দশা থেকে তাদের মুক্তি দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতারা।

সমাবেশে পল্লী বিদ্যুৎ মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম আলম ও সাংগঠনিক সম্পাদক জেবল হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন ।