২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট আসছে: প্রতিমন্ত্রী

জনগণের জন্য তথ্যসেবা অবারিত করতে সরকারি অফিসগুলোতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 01:24 AM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেক অফিস, প্রত্যেক বিভাগে সাধারণ জনগণের জন্য ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়া হবে। এজন্য সারাদেশে ১ লাখ ফ্রি ওয়াইফাই হটস্পট জোন করা হবে।

“ডিজিটাল দেশ গড়তে হলে ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মিলনায়তনে ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্নমেন্ট শীর্ষক সেমিনার আয়োজন করে বাংলাগভনেট প্রকল্প।

নতুন এ প্রকল্পের মাধ্যমে সারাদেশের সরকারি অফিসগুলোর মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে।

কেবল প্রযুক্তিই লাল ফিতার দৌরাত্ম কমাতে পারে মন্তব্য করে সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, “প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমেই দুর্নীতি নির্মূল করা সম্ভব।”

তিনি বলেন, বাংলাগভনেট প্রকল্পের অধীনে আগামী জুনের মধ্যে আইপি টেলিফোনির মাধ্যমে সরকারের ১৮ হাজার অফিসের মধ্যে যোগাযোগ স্থাপন করা হচ্ছে।

বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাগভনেট প্রকল্পের বাংলাদেশ অংশের পরিচালক মাহবুবুর রহমান ও কোরিয়া অংশের ইন হিউন ছোই।