২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেলের পক্ষে আদেশের পর বিচারককে হ্যাপীর নোটিস

রুবেল হোসেনের জামিন মঞ্জুর ও বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ায় বিচারককে আইনি নোটিস দিয়েছেন এই ক্রিকেটারের বিরুদ্ধে মামলাকারী নাজনীন আক্তার হ্যাপী।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 12:43 AM

Updated : 25 Apr 2022, 12:54 PM

অভিনেত্রী হ্যাপীর পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ, যিনি এর আগে হ্যাপীর পক্ষে রিট আবেদন করলেও শুনানির সময় অনুপস্থিত থাকায় তা খারিজ হয়ে যায়।

বিচারকের কাছে পাঠানো নোটিসে ‘কোন কর্তৃত্ববলে জিআর মামলায় রুবেলকে বিদেশে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছেন এবং মামলায় ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দিয়েছেন’, তা জানতে চাওয়া হয়েছে।

ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারকে এই নোটিসের জবাব দিতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে এই জবাব না দিলে উচ্চ আদালতে রিট আবেদনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল না করে নোটিস দেওয়ার কারণ জিজ্ঞেস করলে আইনজীবী ইউনুস আলী বলেন, “আপিল করলে সেটা দীর্ঘসূত্রতায় পড়বে। এখন নোটিস দিয়েছি, জবাব না দিলে রিট করব। আমরা দ্রুত পদক্ষেপ চাই।”

হ্যাপীর করা মামলায় বুধবার ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পান জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন, যিনি ফেব্রুয়ারিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের হয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাবেন।   

বুধবার ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদারের দেওয়া আদেশে তাকে বাংলাদেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতিও দেয়া হয়।

নারী নির্যাতন দমন আইনে হ্যাপীর করা এ মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে শঙ্কায় পড়েছিল রুবেলের বিশ্বকাপ। গত রোববার আদালত রুবেলকে জামিনে মুক্তি দেয়।

গত ১৩ ডিসেম্বর মিরপুর থানায় ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগে রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপী।

তবে হ্যাপীর অভিযোগ নাকচ করে এই ক্রিকেটার বলে আসছেন, এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।

পুরনো খবর:

বিদেশে খেলতে যাওয়ার ছাড়পত্র পেলেন রুবেল
হ্যাপীর মামলায় জামিনে মুক্ত রুবেল
রুবেলের জামিনে নীরব ছিল রাষ্ট্রপক্ষ
হাল ছাড়ছেন না হ্যাপী