২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে খেলতে যাওয়ার ছাড়পত্র পেলেন রুবেল

চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর করা মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পেলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন, সেই সঙ্গে পেলেন দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 02:05 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

রুবেলের দুটি আবেদন শুনে ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার বুধবার এ আদেশ দেন।

এর ফলে আগামী মাসে ক্রিকেট বিশ্বকাপে খেলতে রুবেলের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যাওয়া নিয়ে শঙ্কা কাটল।

নারী নির্যাতন দমন আইনে হ্যাপীর করা এ মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে শঙ্কায় পড়েছিল রুবেলের বিশ্বকাপ। গত রোববার আদালত রুবেলকে জামিনে মুক্তি দেয়। আর বুধবারের আদেশের পর বিদেশে যেতে রুবেলের আর বাধা থাকল না। 

আইনজীবী মনিরুজ্জামান আসাদের মাধ্যমে করা একটি আবেদনে রুবেল মামলার ধার্য দিনে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই চান। দ্বিতীয় আবেদনটি করা হয় দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে।

বিচারক দুটি আবেদনই মঞ্জুর করে আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ দিন রুবেল বা হ্যাপী কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবীরা।

গত ১৩ ডিসেম্বর মিরপুর থানায় এই মামলা করেন হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়।

তবে হ্যাপীর অভিযোগ নাকচ করে এই ক্রিকেটার বলে আসছেন, এই তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।

রুবেলকে জাতীয় দল ও বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার জন্য হাই কোর্টেও একটি রিট আবেদন করেন হ্যাপী। তবে আদালত তা খারিজ করে দেয়।