২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার বাড়িতে পশ্চিমা রাষ্ট্রদূতরা

চলমান রাজনৈতিক সঙ্কটের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাড়িতে এক হয়েছিলেন ঢাকায় পশ্চিমা আটটি দেশের কূটনীতিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বিএনপি জোটের অবরোধে সহিংসতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সরকারের অবস্থান জানার ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্য মঈন খানের বাসায় তাদের সঙ্গে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতও ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে মঈন খানের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া ও চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।

রাত ৮টায় ঢুকে সাড়ে ৯টায় গুলশানে মঈন খানের বাসায় থেকে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রদূত কিংবা বিএনপি নেতা কেউ কিছু বলতে চাননি।  

রাষ্ট্রদূতদের গাড়িগুলোর সঙ্গে অন্য একটি গাড়িতে দ্রুত বেরিয়ে যান মঈন খান ও মুশফিকুর রহমান।

মাহবুবুর রহমান সাংবাদিকদের প্রশ্নের মুখে শুধু বলেন, “একটি নৈশভোজ ছিল, তাতে যোগ দিতে এসেছিলাম।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তবে বিএনপির একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি তুলে ধরতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছল। বৈঠক বিএনপির পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি ও সঙ্কট উত্তরণের বিষযে তাদের বক্তব্য তুলে ধরা হয়।

ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি পিয়েরে মাইয়েদুর নেতৃত্বে ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা মঈন খানের বাড়িতে গিয়েছিলেন।

তাদের সঙ্গে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং কানাডা হাইকমিশনের একজন কর্মকর্তা।

ইউরোপের রাষ্ট্রদূতদের সঙ্গে বুধবারই বৈঠক করে চলমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘অবরুদ্ধ’ অবস্থা থেকে গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডেকেছেন।

গাড়ি পোড়ানো, বোমাবাজি, ভাংচুরের মধ্যে সেই অবরোধ চলছে, এই সহিংসতা নিয়ে উদ্বেগ রয়েছে ইউরোপের দেশগুলোর।

৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারকে সমর্থন জানালেও ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে ইউরোপের দেশগুলোর।