কুমিল্লায় আ. লীগ-বিএনপি-পুলিশ সংঘর্ষ
হরতাল চলাকালে কুমিল্লা শহরে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার কান্দিরপাড় এলাকায় এ সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বিএনপির দাবি, আহতদের মধ্যে তাদের ১০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনার পর কান্দিরপাড় এলাকায় অতিরিক্ত পুলিশসহ র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল ওইদিক দিয়ে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
কুমিল্লা কোতোলি মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, দুদলের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ সময় পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
ওসি আরও জানান, সংগর্ষ চলাকালে বিএনপি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।
এ ব্যাপারে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান জানান, সংঘর্ষের ছবি তুলতে গেলে তার উপর হামলা করা হয়। এ সময় তার ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।
