২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির সমাবর্তনে নিবন্ধনের সময় বেড়েছে

হরতাল-অবরোধের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় ২২ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 06:35 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বাড়ানোর খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পঞ্চম সমাবর্তনের তারিখ ৫ ফেব্রুয়ারি নির্ধারিত হওয়ার পরিপ্রেক্ষিতে ওই সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের মেয়াদ আগামী ২২ জানুয়ারি বিকেল ২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের আসন্ন শীতকালীন ছুটির মধ্যেও (শুক্রবার ছাড়া) নিবন্ধনের ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

গত ৩১ জানুয়ারি সমাবর্তনের কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে পৃথকভাবে ১৫শ টাকা, স্নাতক ও স্নাতকোত্তর একসঙ্গে ২৫শ টাকা, এমফিল ২৫শ টাকা এবং পিএইচডি জন্য তিন হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

তবে ২০১২ সালে যেসব গ্রাজুয়েট সমাবর্তনের জন্য নিবন্ধন করেছিলেন তাদেরকে নতুন করে তা করতে হবে না। ওই বছরে সমাবর্তনের কথা থাকলেও তা হয়নি।

এর আগে ২০১০ সালের জানুয়ারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন হয়। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়েছিল ১৯৯৬ সালে।