দানেশের ছাত্রলীগ নেতাসহ ৭ ছাত্রের বিরুদ্ধে মামলা
আবাসিক হলে অনাধিকার প্রবেশ, প্রশাসনিক কাজে বাধা, কর্মচারীদের মারপিট ও ভাংচুরের অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ সাত ছাত্রের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজিবুর রহমান বাদী হয়ে গত মঙ্গলবার কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন ইফতেখারুল ইসলাম রিয়েল, রিজভী হাবিব, মাহমুদুল হাসান মিল্টন, মো. জাকারিয়া এবং ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহযোগিতার দায়ে বহিষ্কৃত তিন ছাত্র অরুণ কান্তি রায়, এস এম জাহিদ হাসান ও অনিন্দ্য দত্ত অন্তু।
গত বছরের ৪ নভেম্বর হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে শৃংখলা কমিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় ও জিয়া হল শাখার সভাপতি জাহিদ হাসানকে বহিষ্কার করে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে চলে যায়। দুপক্ষ একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন করে। এরপর শীতকালীন ছুটি শেষে ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার সময় আবার নতুন ঘটনার সূত্রপাত হয়।
মামলায় অভিযোগ করা হয়, ইফতেখারুলের নেতৃত্বে অন্য আসামিরা ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলসমূহে অনাধিকার প্রবেশ, প্রশাসনিক কাজে বাধা, কর্মচারীদের মারপিট, ভাংচুর ও ত্রাস সৃষ্টি করেন।
তারা হলে দায়িত্ব পালনরত শিক্ষকদের সঙ্গে অসম্মানজনক আচরণসহ অকথ্য ভাষায় গালাগাল ও নানা ধরনের হুমকি দেন।
রেজিস্ট্রার নজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বিধি অনুযায়ী এসব ছাত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোতোয়ালি থানার ওসি এস এম খালেকুজ্জামান মামলা নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইফতেখারুল ইসলাম রিয়েল ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি এবং অরুন কান্তি রায় সাধারণ সম্পাদক।
