‘বিয়েতে রাজি না হওয়ায়’ বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যা
গাজীপুরের উত্তর সালনা এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে স্কুলপড়ুয়া এক কিশোরী ও তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে একদল দূর্বৃত্ত।
বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় স্থানীয় এক যুবক সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন।
বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জয়দেবপুর থানার এসআই কামরুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন-সাইফুল ইসলাম ও তার মেয়ে আঁখি আক্তার।
আঁখি সালনা শাহ সুফি ফসিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিলেন।
তদন্তের স্বার্থে আটক ওই যুবকের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
নিহত সাইফুলের বড় ছেলে নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের প্রতিবেশী মনির হোসেন (২৫) তার বোন আঁখিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মনির বখাটে ও মাদকাসক্ত বলে তার প্রস্তাব পারিবারিকভাবে প্রত্যাখ্যান করা হয়।
এর জেরেই ভোর ৪টার দিকে মনিরের পাঠানো দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে আঁখি ও তার বাবাকে কুপিয়ে পালিয়ে যায়।
তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।
বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে বেলা ১১টার দিকে তার বাবা মারা যান বলে নজরুল জানান।
