চট্টগ্রামে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের মৃত্যু
বন্দরনগরী চট্টগ্রামে দায়িত্ব পালনরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মৃত ইস্রাফিল শেখ (৫২) নগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) মীর নজরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে টার্মিনাল এলাকায় দায়িত্ব পালন করতে যান ইস্রাফিল। এ সময় অসুস্থ বোধ করলে সহকর্মীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে আনা হলে সকাল ৭টার দিকে চিকিৎসক ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই পংকজ বড়ুয়া জানান।
ইস্রাফিল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান তিনি।
