২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাটের রামপাল উপজেলায় এক দিনমুজরের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 12:46 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

রামপাল থানার এসআই মো. ইমারত হোসেন জানান, সাফারা বেগম নামে ওই গৃহবধূ বুধবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।   

সাফারার স্বামী উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া গ্রামের দিনমজুর এনামুল শেখ (৩৯) তাকে পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের দুই সন্তান ও ভাই অভিযোগ করেছেন।

এ ঘটনার পর থেকেই এনামুল পলাতক বলে জানিয়েছে পুলিশ।

নিহত সাফারা (৩৫) রামপাল সদরের ঝনঝনিয়া গ্রামের জালাল ফকিরের মেয়ে। ১৫ বছর আগে সাফারা ও এনামুলের বিয়ে হয়।

নিহতের ভাই বেল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তার বোনের সঙ্গে ঝগড়া করতেন এনামুল।

“বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তুচ্ছ কারণে ঝগড়ার এক পর্যায়ে আমার ভগ্নীপতি রান্না ঘরে থাকা বসার কাঠের পিড়ি দিয়ে আমার বোনকে এলোপাতাড়ি পেটালে সে মাথায় গুরুতর আঘাত পায় এবং বমি করতে শুরু করে। খবর পেয়েই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি।”

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে সাফারার মৃত্যু হয়।

পুলিশের কাছে একই অভিয়োগ করেছেন এই দম্পতির দুই সন্তান আলী ইমরান ও সুরাইয়া আক্তার।

বৃহষ্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সাফারার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎‎হ্ন ছিল বলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন।