২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

চাঁদা দাবি ও মারধরের অভিযোগে চট্টগ্রামের সদরঘাট থানার ‍চার পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 09:36 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার বিকালে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে মামলাটি করেন নগরীর মাঝিরঘাট এলাকার সার ব্যবসায়ী মো. আব্দুর রশিদ (৫৫)।

আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্ত করতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি চার পুলিশ সদস্য হলেন- সদরঘাট থানার এসআই মো. শাহজাহান, মো. নাজির, এএসআই শিমুল ও পশ্চিম মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আলমগীর।

বাদীর আইনজীবী শিমুল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্ত শেষে ২০দিনের মধ্যে প্রতিবেদন দিতে সিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদি আব্দুর রশিদ মাঝিরঘাট এলাকার মেসার্স আর এস সেলভেজ অ্যাণ্ড ট্রেডিং কোম্পানির মালিক ও মাঝিরঘাট কাঁচাবাজর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

আইনজীবী শিমুল দত্ত বলেন, ৭ জানুয়ারি রাতে মাঝিরঘাটে আব্দুর রশিদের প্রতিষ্ঠানের সামনে ট্রাকে সার বোঝাইয়ের সময় ‍চার পুলিশ সদস্য মদ্যপ অবস্থায় সেখানে গিয়ে ১০ হাজার ‍টাকা চাঁদা দাবি করে।

“টাকা দিতে অস্বীকৃতি জানালে আব্দুর রশিদ ও তার ছেলে রমজান আলী রাসেলকে মারধর করা হয়। পরে তাদের দুজনকে ‍থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাসেল অসুস্থ হয়ে পড়লে অন্য এক পুলিশ সদস্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং আব্দুর রশিদকে ছেড়ে দেন।”