রাজশাহীতে ট্রাক-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডালবাহী ট্রাকের সঙ্গে সিমেন্টবাহী কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন, আহত হন আরও তিনজন।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সম্রাট (৩০) ডালবাহী ট্রাকের চালক। রাজশাহী নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার সাবেদুল ইসলামের ছেলে তিনি।
আহতরা হলেন, কভার্ডভ্যানের চালক আশরাফুল, তার সহকারী সাদেক (২৭) ও ট্রাক চালকের সহকারী। তার পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের বানেশ্বর ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিন হোসেন জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, পুলিশের নিরাপত্তায় একসঙ্গে ২৫ থেকে ৩০টি ট্রাক ঢাকার উদেশ্যে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টের কভার্ডভ্যানের সঙ্গে বহরের একটি ডালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের চালক সম্রাট।
