হরতালের সমর্থনে মিছিল, গাড়ি ভাংচুর
হরতালের সমর্থনে দিনাজপুর শহরে মিছিল করার সময় ট্রাক ও ট্যাংকলরি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যায় বাহাদুর বাজার সড়কে এ ঘটনার পর পুলিশ দুই জনকে আটক করেছে।
কোতোয়ালি থানার ওসি এস এম খালেকুজ্জামান গাড়িতে অগ্নিসংযোগ ও দুই জনকে আটক করার কথা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বাহাদুর বাজার সড়কে জেলা বিএনপি হরতালের সমর্থনে একটি মিছিল বের করে।
ওই সময় কয়েকজন যুবক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও একটি ট্যাংকলরি ভাংচুর করে এবং টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ওই সড়কে চলাচলকারী বেশকিছু অটোরিকশাও ভাংচুর করে তারা।
উত্তরা সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িতে আগুন দেওয়ার পর স্থানীয় দোকানদাররা এসে আগুন নিভিয়ে ফেলায় গাড়ি দুটি ভস্মীভূত হয়নি।
